ধর্ষণ প্রতিরোধে কঠোর পদক্ষেপ: সরকারের বিশেষ উদ্যোগ

- ৮:৪৯ পিএম | ১৭ মার্চ ২০২৬ | মঙ্গলবার
দেশে নারী ও শিশু নির্যাতন, বিশেষ করে ধর্ষণের মতো জঘন্য অপরাধ প্রতিরোধ এবং এসব মামলার বিচারপ্রক্রিয়া আরও কার্যকর ও দ্রুত করতে বিশেষ উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন,
ধর্ষণের মতো অপরাধ নির্মূলে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও জানান, বর্তমানে যেসব ধর্ষণ মামলা বিচারাধীন রয়েছে এবং পূর্বে দায়ের হওয়া মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা হবে।
একই সঙ্গে তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, নারী নির্যাতনের মামলার জন্য ইতোমধ্যে বিশেষ আদালত রয়েছে।
এসব আদালতের কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে।
পাশাপাশি জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের পরিকল্পনাও রয়েছে।
তিনি উল্লেখ করেন, ধর্ষণসহ সব ধরনের নারী নির্যাতন বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
এ ক্ষেত্রে প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে, দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কৃষি মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে যৌথভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসকদের দ্রুত ত্রাণ বিতরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া বৈঠকে চলতি ও গত অর্থবছরের বাজেট সংক্রান্ত দুটি আইনের খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে।






















