পাকুন্দিয়ায় পিঁপড়ার ডিম সংগ্রহে গিয়ে ট্রাকচাপায় নিহত ২, আহত ৩

- ৩:৩৫ এএম | ১২ জুন ২০২৬ | শুক্রবার
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মাছ ধরার টোপ সংগ্রহ করতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মৎস্যশিকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী সরকারি হিমাগার সংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা এলাকার বাদল মিয়া (৪৫) এবং হোসেনপুর উপজেলার দাপুনিয়া গ্রামের ইছাম উদ্দিন (৫০)। তারা দুজনই শৌখিন মৎস্যশিকারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, ভোরে কয়েকজন মৎস্যশিকারী ব্যাটারিচালিত অটোরিকশায় করে মাছ ধরার জন্য প্রয়োজনীয় পিঁপড়ার ডিম সংগ্রহ করতে যাচ্ছিলেন। পথে শ্রীরামদী সরকারি হিমাগার এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির মালবাহী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষের ফলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হন আরও তিনজন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। নিহতদের স্বজনরা ঘাতক ট্রাকচালকের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।






















