আহত নুরের ঘটনায় আসিফ আকবরের ক্ষোভ, ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই

- ১২:২৩ পিএম | ৩১ আগস্ট ২০২৫ | রবিবার
গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। এই ঘটনার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে।
শুধুমাত্র রাজনৈতিক মহলই নয়, সাধারণ মানুষ এবং শোবিজ অঙ্গনের তারকারাও এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। তাদেরই একজন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।
শনিবার (৩০ আগস্ট) সকালে আসিফ তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে দেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, “আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত্যাগ করে না, তারা নির্লজ্জ। এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই।”
যদিও তিনি পোস্টে সরাসরি কারো নাম উল্লেখ করেননি, তবে মন্তব্যের ঘরে তার অনুসারীদের অনেকেই মনে করছেন যে, আসিফ মূলত আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে ইঙ্গিত করে এই মন্তব্য করেছেন। কারণ, নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আসিফের এই পোস্টটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। মাত্র ৭ ঘণ্টায় এতে ১ লাখের বেশি রিয়েক্ট এবং প্রায় ৬ হাজারের বেশি কমেন্ট পড়েছে।
উল্লেখ্য, শুক্রবার রাতে সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় নুর গুরুতর আহত হন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অনেক ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত ছিল এবং তার নাক ফেটে যায়। তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং তার জ্ঞান ফিরেছে।






















