ইতালিতে জিহাদি উসকানির অভিযোগে দুই বাংলাদেশি যুবক আটক

- ৪:১৭ পিএম | ১১ মে ২০২৫ | রবিবার
ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর পালেরমোতে অনলাইনে ‘জিহাদি উসকানিমূলক’ বিষয়বস্তু ছড়ানোর অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে দেশটির পুলিশ। আদালতের নির্দেশে এই দুই যুবককে গৃহবন্দী রাখা হয়েছে এবং তাদের শরীরে ইলেকট্রনিক জিপিএস ট্র্যাকার পরানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আটককৃত যুবকদের নাম হিমেল আহমেদ (২১) ও মুন্না তফাদার (১৮)। তবে, ইতালির আইনানুসারে আদালতের অনুমতি ছাড়া তাদের সম্পূর্ণ পরিচয় প্রকাশ করা হয়নি।
ইতালির ভাইস প্রেসিডেন্ট ও পরিবহনমন্ত্রী মাত্তেও সালভিনি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি কঠোর বার্তা দেন। তিনি বলেন, ‘এই দেশে কোনো সন্ত্রাসীর স্থান নেই। আদালতের আদেশ অনুযায়ী যত দ্রুত সম্ভব তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।’
পালেরমো প্রসিকিউটর অফিসের প্রধান মাউরিজ্জিয়ো দি লুসিয়ার তত্ত্বাবধানে পুলিশ এই অভিযান পরিচালনা করে এবং অভিযুক্ত দুই যুবককে আটক করে।
ইতালির স্কাই টিজি ২৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, হিমেল ও মুন্নার টিকটক অ্যাকাউন্ট থেকে গত মার্চ ও এপ্রিল মাসে ধারাবাহিকভাবে ধর্মীয় উগ্রবাদে উৎসাহিত করা, পশ্চিমাবিরোধী এবং জিহাদ সম্পর্কিত ভিডিও প্রকাশ করা হয়। অভিযোগ উঠেছে, এসব ভিডিওতে গাজা সংকট নিয়ে একপেশে তথ্য এবং জঙ্গি মতাদর্শ প্রচার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ওসামা বিন লাদেনের ছবি ও প্রচারণামূলক বিভিন্ন উপাদান পাওয়া গেছে। তদন্তকারী দল আরও ধারণা করছে যে, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে সন্ত্রাসী হামলা চালানোর পদ্ধতি নিয়েও অনুসন্ধান চালাচ্ছিল।
এই ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির কোনো সদস্য প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। পুলিশ জানিয়েছে, তদন্ত এখনও চলছে এবং প্রয়োজনে আরও ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে।
ইতালিতে এই দুই বাংলাদেশি যুবকের আটক হওয়ার ঘটনা সেদেশে বসবাসরত অন্যান্য বাংলাদেশিদের মধ্যেও উদ্বেগের সৃষ্টি করেছে।






















