ভারতে আয়োজিত কোয়াড সম্মেলনে যোগ দেবেন না ডোনাল্ড ট্রাম্প

- ১২:০০ পিএম | ৩১ আগস্ট ২০২৫ | রবিবার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছর ভারত সফরে আসছেন না। শনিবার (৩০ আগস্ট) দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং বাণিজ্য ইস্যুতে উত্তেজনার কারণে তিনি ভারতে আয়োজিত কোয়াড (Quad) সম্মেলনে যোগ দেবেন না।
তবে ট্রাম্পের ভারত সফর বাতিলের বিষয়ে এখন পর্যন্ত হোয়াইট হাউস বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। ২০১৯ সালে দুই নেতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দেখা গেলেও সম্প্রতি তাদের সম্পর্ক ধীরে ধীরে শীতল হয়েছে। গত জুনে মোদি ও ট্রাম্পের মধ্যে একটি ৩৫ মিনিটের ফোনালাপ সম্পর্কের অবনতি ঘটায়। সেই ফোনালাপে ট্রাম্প দাবি করেন যে, তিনি ভারত-পাকিস্তানের সীমান্ত সংঘাতের ‘সমাধান’ করেছেন।
এমনকি তিনি ইঙ্গিত দেন, মোদি যেন তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেন। এর জবাবে মোদি স্পষ্ট জানিয়ে দেন যে, এই সংঘাত ভারত ও পাকিস্তানের সরাসরি আলোচনার মাধ্যমে নিরসন হয়েছে এবং এর পেছনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না। সেই ঘটনার পর থেকেই দুই নেতার মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ট্রাম্প প্রশাসন ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা কেবল রাশিয়ার ইস্যু নয়, বরং ভারতকে বিশেষভাবে চাপ দেওয়ার একটি কৌশল। এর ফলে দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও জটিল হয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, নোবেল পুরস্কার প্রসঙ্গ থেকে শুরু করে বাণিজ্য চাপ— সব মিলিয়ে দুই নেতার একসময়ের ঘনিষ্ঠ সম্পর্ক এখন ভাঙনের মুখে।






















