তারেক রহমানের সঙ্গে দেশে আসছে আদরের পোষা বিড়াল ‘জেবু’

- ২:৩৪ এএম | ২২ ডিসেম্বর ২০২৫ | সোমবার
দীর্ঘদিন পর দেশে ফেরাকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আগামী ২৫ ডিসেম্বর তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে ইতোমধ্যেই দলীয়ভাবে শেষ হয়েছে সব প্রস্তুতি।
নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এই প্রত্যাবর্তন নিয়ে চলছে ব্যাপক আগ্রহ ও আলোচনা।
রাজনৈতিক প্রস্তুতির বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার নতুন মাত্রা যোগ করেছে তারেক রহমানের পোষা বিড়াল ‘জেবু’।
নেটিজেনদের কৌতূহল ছিল—দেশে ফেরার সময় তারেক রহমান কি তাঁর প্রিয় এই পোষা প্রাণীকেও সঙ্গে আনছেন?
ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সাত বছর বয়সী সাইবেরিয়ান জাতের বিড়াল জেবুর জন্য ইতোমধ্যেই পাসপোর্টসহ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।
ফলে পরিবারসহ তারেক রহমানের সঙ্গে জেবুও দেশে ফিরছে—এটি এখন নিশ্চিত।
এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ত সময়ের ফাঁকে জেবুর সঙ্গে কাটানো তারেক রহমানের বিভিন্ন মুহূর্তের ছবি একাধিকবার ভাইরাল হয়েছে।
পোষা প্রাণীর প্রতি তাঁর এই ভালোবাসা নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে নানা সময়।
তারেক রহমান নিজেও তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে জেবুর সঙ্গে কাটানো স্মরণীয় কিছু মুহূর্ত শেয়ার করেছেন,
যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে করে রাজনৈতিক অঙ্গনের বাইরেও ‘জেবু’ নামটি পরিচিত হয়ে ওঠে সাধারণ মানুষের কাছে।
সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান জানান, বিড়ালটি মূলত তাঁর মেয়ের হলেও বর্তমানে পরিবারের সবারই প্রিয়।
সেই সাক্ষাৎকারেই প্রথমবারের মতো তিনি পোষা বিড়ালটির নাম ‘জেবু’ বলে উল্লেখ করেন।
রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও পোষা প্রাণীর প্রতি এই মানবিক ভালোবাসা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আলোচনায় যোগ করেছে এক ভিন্ন ও মানবিক দৃষ্টিভঙ্গি।






















