বিএনপি একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠন করতে চায়- তারেক রহমান

- ১২:১৭ পিএম | ৩১ আগস্ট ২০২৫ | রবিবার
প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি বিএনপির আস্থা ও সম্মান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহ টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে অনুষ্ঠিত জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ভাষার বহুত্ব, সংস্কৃতির বৈচিত্র্য এবং প্রতিটি জাতিগোষ্ঠীর স্বাতন্ত্র্য বোধ ও তাদের উন্নয়নে ভূমিকা রাখা রাষ্ট্রের দায়িত্ব। তিনি জানান, বিএনপির ‘রাষ্ট্র মেরামত’ কর্মসূচির ৩১ দফায় স্পষ্টভাবে উল্লেখ আছে যে, জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব জাতিগোষ্ঠীর সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অধিকার এবং জীবনযাপনের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে।
তারেক রহমান বলেন, “প্রতিটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী এক একটি রং, যাকে আমরা রেইনবো নেশন বলে মনে করি।” তিনি আরও বলেন, বিএনপি একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠন করতে চায়, যেখানে সব ভাষাভাষী ও জাতিগোষ্ঠীর মানুষ একসাথে থাকবে। তিনি দৃঢ়ভাবে বলেন, “বিএনপি বিশ্বাস করে, বাংলাদেশ শুধু বাঙালির নয়, ভিন্ন ভাষাভাষী ক্ষুদ্র জনগোষ্ঠীরও বৈধভাবে বসবাসের স্থান।”
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকার এরই মধ্যে রূপরেখা ঘোষণা করেছে জানিয়ে তারেক রহমান এই নির্বাচনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সক্রিয় সমর্থন কামনা করেন।
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “একটি ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের শাসনের পর আজ নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। তারেক রহমানের নেতৃত্বে এই নতুন বাংলাদেশে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে।” তিনি আরও বলেন, দেশে একটি চক্রান্ত চলছে, যেখানে উগ্রবাদী গোষ্ঠী মানুষকে বিভক্ত করতে চাইছে।






















