পাবনার চতরা বিলে অস্ত্র তৈরির কারখানা-বিপুল সরঞ্জামসহ আটক ২

- ১২:২২ পিএম | ১৯ আগস্ট ২০২৫ | মঙ্গলবার
পাবনার আটঘরিয়া উপজেলার প্রত্যন্ত চতরা বিলে সন্ত্রাসী ময়েজ বাহিনীর আস্তানায় একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আতাইকুলা থানার অন্তর্গত চতরা বিলে ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও আতাইকুলা থানা পুলিশ ওই বিলের আস্তানায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত এবং গানপাউডারসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযানের সময় অধিকাংশ সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হলেও দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, স্থানীয়ভাবে ডাকাতি ও চাঁদাবাজির জন্য এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল। তবে এই চক্রের পেছনে কোনো বড় নেটওয়ার্ক জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আতাইকুলা থানার ওসি হাবিবুল ইসলাম জানান, ময়েজ বাহিনী আটঘরিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এই বিলকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল। কয়েকদিন ধরে পর্যবেক্ষণের পর মঙ্গলবার ভোরে অভিযান চালানো হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাকি অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে বলে জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ময়েজ বাহিনীর কারণে ওই এলাকার দুর্গম চরাঞ্চলে দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল। দিনের বেলায় তাদের দেখা না গেলেও রাতে তারা অস্ত্র হাতে মহড়া দিত। মঙ্গলবার সকাল ৯টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অভিযান অব্যাহত ছিল এবং বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।






















