রাজাকারি স্লোগান নয়, মুক্তির স্লোগান শুনতে চাই-ফজলুর রহমান

- ৬:২৮ পিএম | ৩১ আগস্ট ২০২৫ | রবিবার
বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও আলোচিত রাজনীতিবিদ ফজলুর রহমান স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তিনি আর এই দেশে কোনো রাজাকারি স্লোগান শুনতে চান না। তিনি বলেছেন, “আমি মুক্তির স্লোগান শুনতে চাই, প্রগতির স্লোগান শুনতে চাই।”
গত ২৮ আগস্ট বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে ফজলুর রহমান এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানিয়ে বলেন, “নতুন প্রজন্মের প্রতি আমার অনুরোধ—মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ো, মুক্তিযোদ্ধাদের ইতিহাস জানো। এটা পড়ে তোমরা মুক্তিযুদ্ধকে বাঁচাও, দেশকে বাঁচাও।”
সম্প্রতি জুলাই অভ্যুত্থান নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে তিনি দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তি পেয়েছেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলের সকল পদ থেকে তাকে তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
সাক্ষাৎকারে ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির আয়োজিত একটি আলোকচিত্র প্রদর্শনী নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন। সেখানে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতাদের—বিশেষ করে গোলাম আজম ও নিজামীর—ছবি প্রদর্শন করা হয়। এ ঘটনায় বিভিন্ন বাম সংগঠন তীব্র প্রতিবাদ জানালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছবি সরিয়ে নেয়।
এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি চান না উল্লেখ করে ফজলুর রহমান বলেন, “আমি চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম আজম আর নিজামীদের ছবি দিয়া বলুক যে, ‘গোলাম আজমের বাংলায় মুক্তিযোদ্ধার স্থান নাই’। এই স্লোগান আমি শুনতে চাই না। আমি রাজাকারি কোনো স্লোগান এই দেশে আর শুনতে চাই না।”
তরুণ সমাজের প্রতি আরও একটি বার্তা রেখে তিনি বলেন, “তোমরা যেসব অশ্লীল স্লোগান দাও, তা থেকে বিরত থাকো। এসব স্লোগান জাতি হিসেবে আমাদের মাথানত করে দিচ্ছে।” ফজলুর রহমানের এই বক্তব্য রাজনীতি ও সমাজে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। যেখানে তিনি একদিকে মুক্তিযুদ্ধের পক্ষে সোজাসাপ্টা অবস্থান নিচ্ছেন, অন্যদিকে রাজনৈতিক শৃঙ্খলা, শালীনতা এবং মূল্যবোধ রক্ষার আহ্বান জানাচ্ছেন।























