ভারতের হাইকমিশনারকে তলব

- ৫:৫২ পিএম | ২৩ ডিসেম্বর ২০২৫ | মঙ্গলবার
ভারতের রাজধানী নয়াদিল্লি ও পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনা ঘিরে
সাম্প্রতিক সহিংসতা ও হুমকিমূলক ঘটনার প্রেক্ষাপটে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
এসব ঘটনার প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (আজ) সকাল ১০টায় ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই
বৈঠকে ভারতের হাইকমিশনারকে তলব করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও হাইকমিশনারের
বাসভবনের বাইরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পাশাপাশি ২২ ডিসেম্বর শিলিগুড়িতে
বাংলাদেশ ভিসা কেন্দ্রে উগ্রপন্থী গোষ্ঠীর ভাঙচুরের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের কূটনৈতিক মিশনের বাইরে সংঘটিত
সহিংস বিক্ষোভ ও হুমকিমূলক কর্মকাণ্ড কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তাকেই ঝুঁকির মুখে ফেলছে না,
বরং দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান ও সহনশীলতার মূল্যবোধকেও ক্ষুণ্ন করছে।
বাংলাদেশ সরকার এসব পরিকল্পিত সহিংসতা ও কূটনৈতিক স্থাপনার প্রতি হুমকির
তীব্র নিন্দা জানিয়ে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ
এবং ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কূটনৈতিক কর্মী ও স্থাপনার নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আন্তর্জাতিক
কূটনৈতিক বাধ্যবাধকতা অনুযায়ী ভারত সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা করছে বাংলাদেশ সরকার।






















