হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

- ৯:৩৬ পিএম | ১৩ নভেম্বর ২০২৫ | বৃহস্পতিবার
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের হওয়া মামলায় বুধবারঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এই আদেশ দেন।
বাদী রিয়া মনি, যিনি হিরো আলমের স্ত্রী হিসেবে পরিচিত, চলতি বছরের জুন মাসে রাজধানীর হাতিরঝিল থানায় এই মামলাটি দায়ের করেন।
অভিযোগে রিয়া মনি বলেন তার স্বামী হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমসহ ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তি তাকে ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান।
মামলার বিবরণ অনুযায়ী, হিরো আলম ও রিয়া মনির মধ্যে সম্প্রতি সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়।
পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যে, হিরো আলম তালাক দিয়ে রিয়া মনিকে বাসা থেকে বের করে দেন।
পরে, ২১ জুন, উভয় পরিবারের মধ্যে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল। হাতিরঝিল এলাকায় একটি বাসায় বসে সেই বৈঠক। কিন্তু সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগে বলা হয়েছে, হিরো আলমসহ উপস্থিত ব্যক্তিরা রিয়া মনি ও তার পরিবারের সদস্যদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করলে তারা রিয়া মনির বর্তমান বাসায় প্রবেশ করে তাকে কাঠের লাঠি দিয়ে মারধর করেন।
এই হামলায় রিয়া মনি গুরুতর আহত হন এবং তার গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন চুরি করে নেওয়া হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
ঘটনার দুই দিন পর, অর্থাৎ ২৩ জুন, তিনি হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন।
আজ আদালতে বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান আসামিরা আদালতের শর্ত ভঙ্গ করেছেন, নিয়মিত হাজিরা দিচ্ছেন না।
এজন্য আদালতে তাদের জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানানো হয়।
শুনানি শেষে আদালত তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
আলোচিত এই মামলায় নতুন করে আদালতের আদেশের পর হিরো আলম ও আহসান হাবিব সেলিমকে গ্রেপ্তারের বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
মামলার পরবর্তী শুনানির তারিখ ও পুলিশি পদক্ষেপের দিকেও নজর রয়েছে সকলের।






















