বগুড়া থেকে শুরু ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি ১০ মার্চ

- ৬:১৪ পিএম | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | শুক্রবার
বাংলাদেশ সরকারের বহুল আলোচিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আগামী ১০ মার্চ। প্রথম ধাপে বগুড়া সদর উপজেলায় এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনী ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির প্রতিশ্রুতি দেয়। সরকার গঠন করার পর ঈদের আগেই পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কী সুবিধা থাকবে ফ্যামিলি কার্ডে?
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কার্ডধারী প্রতিটি পরিবারকে মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এই সুবিধার আওতায় আসবেন। প্রতি পরিবারের একজন নারী সদস্যকে কার্ডধারী হিসেবে নিবন্ধিত করা হবে।
একটি ওয়ার্ডে যত পরিবার যোগ্য বিবেচিত হবে, তাদের সবাইকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
চার মাস চলবে পাইলটিং কার্যক্রম
সরকার প্রাথমিকভাবে চার মাসের জন্য পরীক্ষামূলক বা পাইলটিং কার্যক্রম চালাবে। এ সময় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম চলমান থাকবে। পরবর্তীতে কার্যকারিতা মূল্যায়ন করে দেশব্যাপী সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হবে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।






















