সিংড়ায় ঈদগাহ মাঠের জমি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৩০

- ১:৪০ এএম | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার
নাটোরের সিংড়ায় ঈদগাহ মাঠের জমি মাপজোক ও দখল নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের পাছলাড়ুয়া ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাহ মাঠের জমি নিয়ে পাছলাড়ুয়া ও নতুনবস্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় লাঠি ও হাসুয়া দিয়ে হামলায় কয়েকজনের মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
আহতদের নাটোর জেনারেল হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের মধ্যে তিনজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে সিংড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





















