বুড়িগঙ্গায় নারী-শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

- ১২:১০ পিএম | ২৪ আগস্ট ২০২৫ | রবিবার
রাজধানীর বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৭টার দিকে নদীর পৃথক স্থান থেকে এসব লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা। তিনি জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছেন ৩ বছরের এক শিশু, দুই নারী ও একজন পুরুষ। তবে এখনো তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
প্রথমে কেরানীগঞ্জের মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছে নদীতে ভাসমান অবস্থায় ৩০ বছরের এক নারীর লাশ উদ্ধার করা হয়। তার গলায় কালো বোরকা পেঁচানো ছিল এবং পরনে ছিল গোলাপি রঙের সেলোয়ার-কামিজ। প্রায় এক ঘণ্টা পর একই স্থান থেকে ওড়না দিয়ে পেঁচানো তিন বছরের এক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি ওই শিশুর মা হতে পারেন।
অন্যদিকে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের মাদারীপুর জামে মসজিদের পাশে থেকে রাত সাড়ে ৭টার দিকে উদ্ধার করা হয় ৪০ বছরের এক পুরুষ ও ৩০ বছরের এক নারীর মরদেহ। উদ্ধারকৃত পুরুষের পরনে ছিল কালো প্যান্ট ও চেক ফুল শার্ট। আর নারীর গায়ে ছিল ছাই রঙের গেঞ্জি ও লাল রঙের সেলোয়ার। তাদের শরীরে আঘাতের সামান্য চিহ্নও পাওয়া গেছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আকতার হোসেন জানান, দুটি স্থানে পৃথকভাবে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছ থেকে উদ্ধার হওয়া লাশ দুটি মা ও ছেলের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অন্যদিকে জিনজিরা ইউনিয়ন থেকে উদ্ধার হওয়া নারী ও পুরুষের লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।






















