এই প্রথমবার এএসআই পদে সরাসরি নিয়োগের বিধান করা হচ্ছে

- ১:৫৯ পিএম | ০২ সেপ্টেম্বর ২০২৫ | মঙ্গলবার
সরকার বাংলাদেশ পুলিশে চার হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর মধ্যে দুই হাজার পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে এবং বাকি দুই হাজার পদে কনস্টেবলদের পদোন্নতি দেওয়া হবে। এই প্রথমবার এএসআই পদে সরাসরি নিয়োগের বিধান করা হচ্ছে। নতুন নিয়োগ প্রস্তাবনায় এএসআই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাস রাখার কথা বলা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে জানা গেছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ছাড়া এভাবে এএসআই পদে সরাসরি নিয়োগ দেওয়া হলে ভবিষ্যতে উপপরিদর্শক (এসআই) পদে পদোন্নতিতে জটিলতা বাড়তে পারে।
জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রমতে, চার হাজার এএসআই পদ তৈরির প্রস্তাব শিগগিরই প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে উঠবে। জনপ্রশাসন মন্ত্রণালয় গত জুলাইয়ের শেষে এবং অর্থ বিভাগ আগস্টের মাঝামাঝিতে এই প্রস্তাবে সম্মতি দিয়েছে। সচিব কমিটির অনুমোদনের পর প্রস্তাবটি প্রধান উপদেষ্টার দপ্তরে যাবে, এবং তার অনুমোদন পেলেই প্রজ্ঞাপন জারি করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, অনলাইন জিডি, মামলা দায়ের ও তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এসব পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পুলিশ বাহিনীতে বছরে প্রায় ১৩৫ কোটি ৭১ লাখ ৯৩ হাজার টাকা খরচ বাড়বে।
জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বলেন, অনলাইনে জিডি ও তদন্ত কার্যক্রমের জন্য নতুন নিয়োগপ্রাপ্ত এএসআইদের অবশ্যই কম্পিউটারে দক্ষ হতে হবে। তিনি আরও বলেন, এই নিয়োগে যদি রাজনৈতিক বিবেচনা ও দুর্নীতি না থাকে, তাহলে পুলিশের মানোন্নয়ন সম্ভব।
পুলিশের সাংগঠনিক কাঠামোতে বর্তমানে এসআই পদ রয়েছে ২১,০৯৮টি এবং এএসআই পদ ১৮,৭৩৮টি। নতুন চার হাজার এএসআই পদ তৈরি হলে মোট পদ হবে ২২,৭৩৮টি, কিন্তু এসআই পদ বাড়ছে না। একাধিক এএসআই ও কনস্টেবল আশঙ্কা প্রকাশ করেছেন যে, এএসআই পদ বাড়লেও এসআই পদের সংখ্যা না বাড়লে পদোন্নতি জট সৃষ্টি হবে।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মুহাম্মদ নুরুল হুদা বলেন, নতুন পদ সৃষ্টির আগে প্রতিটি স্টেশনে একজন এএসআই বা এসআইয়ের অধীনে কতজন কনস্টেবল থাকবেন, তার একটি নির্দিষ্ট নিয়ম কার্যকর করা দরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, কনস্টেবলদের অধিকাংশকে স্বাধীনভাবে কোনো দায়িত্ব দেওয়া হয় না। এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে এএসআই (গ্রেড-১৪) পদ সৃষ্টি করা হচ্ছে, যা জনগণকে উন্নত পুলিশি সেবা প্রদান এবং অধস্তনদের পদোন্নতির সুযোগ বাড়াবে।
পুলিশ সদরদপ্তরের ডিআইজি কাজী জিয়া উদ্দিন জানান, অর্থ বিভাগ চার হাজার এএসআই পদের সম্মতি দিয়েছে। প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন পেলে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।


























